Loading...

News Details

ডিজাইন / বিল্ড / ফ্লাই (ডিবিএফ)-২০২৫ আন্তর্জাতিক প্রতিযোগীতার প্রথম ধাপে এএইউবি-এর উল্লেখ্যযোগ্য সাফল্য অর্জন

প্রেস রিলিজঃ অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (এএইউবি)

 

ডিজাইন / বিল্ড / ফ্লাই (ডিবিএফ)-২০২৫ আন্তর্জাতিক প্রতিযোগীতার প্রথম ধাপে এএইউবি-এর উল্লেখ্যযোগ্য সাফল্য অর্জন

 

এএইউবি বিমান চালনা ও মহাকাশ সম্পর্কিত বিষয়ে দেশের একমাত্র বিশেষায়িত সরকারি বিশ্ববিদ্যালয়। অত্র বিশ্ববিদ্যালয় গত ১০ এপ্রিল থেকে ১৩ এপ্রিল ২০২৫ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজনায় আমেরিকান ইনস্টিটিউট অফ এন্ড অ্যাস্ট্রোনটিক্স (এআইএএ) কর্তৃক আয়োজিত ডিবিএফ-২০২৫ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম পর্যায়ে ১৭৫টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১২ তম স্থান অর্জন করেছে। উল্লেখ্য যে, বিগত বছর এএইউবি প্রথমবারের মতো এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল এবং এযাবৎকালে বাংলাদেশের সেরা র‍্যাঙ্কিং (১৫৯টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সামগ্রিকভাবে ৩৬তম এবং ডিজাইন তৈরীতে ১৮তম) অর্জন করেছিল।

 

চলতি বছর প্রতিযোগিতার শুরু হতেই এএইউবি-এর ডিবিএফ দলটি গ্রুপ ক্যাপ্টেন ড. সাইফুর রহমান বকাউলের সার্বিক তত্ত্বাবধানে এবং ছাত্র দলনেতা আব্দুল আল আজিজ এর নেতৃত্বে অনেক বেশি সমন্বিত, প্রয়োজনীয় যন্ত্রপাতি সমৃদ্ধ এবং কঠোর মনোযোগী ছিল। এবারের প্রতিযোগিতায় বিগত বছরের তুলনায় অনেক বেশি সংখ্যক বিশ্ববিদ্যালয় (১৭৫টি) ইউএভি ডিজাইন চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা করেছে এবং কম সংখ্যক বিশ্ববিদ্যালয় (গত বছরের ১১০টির তুলনায় ১০০টি) পরবর্তী ধাপে স্থান করে নিতে পেরেছে। এই প্রতিযোগিতায় অত্র বিশ্ববিদ্যালয়ের এএইউবি-এর ডিবিএফ দল কর্তৃক বিশ্বের বেশিরভাগ শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়কে ছাড়িয়ে যাওয়ার পিছনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিবেদিত প্রাণ তত্ত্বাবধান, সুপরিচালন মনোভাব, নেতৃত্বের অটল সমর্থন, প্রকৌশল দক্ষতা এবং অত্যাধুনিক ল্যাবরেটরি সুবিধা প্রদান অন্যতম কারণ হিসেবে কাজ করেছে। উল্লেখ্য যে, প্রতিযোগিতার অংশ হিসেবে পরবর্তীতে এএইউবি এর দলটিকে প্রতিযোগিতার আরও দুটি ধাপে অংশগ্রহণ করতে হবে এবং দলটি নিজেদের দক্ষতার স্বাক্ষর রাখতে পারবে বলে বেশ আত্মবিশ্বাসী। 

 

সম্মানিত উপাচার্য এএইউবি দলকে বিশ্ববিদ্যালয়ের এ অসাধারন অর্জনের জন্য অভিনন্দন জানিয়েছেন এবং তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের এই স্বল্প সময়ের পথচলায় শিক্ষার্থীরা বিস্ময়কর সৃজনশীলতা ও উদ্ভাবনী প্রতিভার স্বাক্ষর রেখেছে। এছাড়াও তিনি দলটির আগামী ধাপ সমূহের অগ্রযাত্রায় প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার বিষয়ে নিশ্চয়তা প্রদান করেছেন। উল্লেখ্য যে, এএইউবি-এর ইউএভি ডিজাইনের ক্ষেত্রে সন্মানিত ভাইস চ্যান্সেলর এয়ার ভাইস মার্শাল এ কে এম মনিরুল বাহার, ওএসপি, বিএসপি, এনডিসি, এইচডিএমসি, এএফডব্লিউসি, পিএসসি, এডিডব্লিউসি এবং সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তা, কর্মচারীবৃন্দের অসাধারণ ও গতিশীল নেতৃত্ব এবং সহায়তা গুরূত্বপূর্ণ ভূমিকা রেখেছে।